তেহরান সোমবার জিহাদীদের হুমকি মোকাবিলায় প্যারিসে শুরু হওয়া আন্তর্জাতিক সম্মেলনকে হাস্যকর অভিহিত করে জানিয়েছে, দামেস্কের সাহায্য ছাড়া ইসলামিক স্টেটকে পরাজিত করা সম্ভব নয়।

সিরিয়া ও ইরাকে তৎপরতা চালানো জিহাদীদের দমনে অনুষ্ঠিত বৈঠকে ইরান ও তার মিত্র সিরিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। যদিও দামেস্ক প্রায় প্রতিদিনই আইএস জিহাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। খবর এএফপি’র।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমীর আব্দুল্লাহিয়ান দেশটিতে সফররত এক ফরাসী আইনপ্রণেতাকে বলেন, ‘এই অঞ্চলে আইএস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে ইরাক ও সিরিয়া সরকারকে শক্তিশালী করা। দেশ দুটির সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে।’

তিনি ফ্রান্সের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারওমেন প্যাট্রিসিয়া অ্যাডামকে বলেন, ‘ইরান আন্তর্জাতিক জোট গঠনের অপেক্ষা করছে না। নৈতিক দায়িত্ববোধ থেকেই ইরান এ ব্যাপারে পদক্ষেপ নিতে যাচ্ছে।’

মিশর ও সৌদি আরবের সুন্নি সরকারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার আশঙ্কায় ওয়াশিংটন আইএস বিরোধী জোটে শিয়া শাসিত দেশ ইরানের অন্তর্ভূক্তির জোর বিরোধিতা করে আসছে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ