ইরানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র বন্দরগুলোতে ভিড়তে শুরু করেছে আটটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিবহন কোম্পানির জাহাজ। ইরানি কর্মকর্তারা বলছেন, বিশ্বের সঙ্গে ইরানের বাণিজ্য আবার যে জোরেশোরে চালু হতে যাচ্ছে- এ সব জাহাজ ভেড়ার মধ্য দিয়ে তারই আভাস পাওয়া যাচ্ছে।
ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আখুন্দি বলেন, সৌভাগ্যক্রমে গত কয়েক দিনে বেশ কয়েকটি ভালো ঘটনা ঘটেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে আটটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিবহন কোম্পানির জাহাজ ভিড়তে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এতে মালামালের পরিবহন খরচ কমবে।
নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ায় ইরানের জাহাজ চলাচল অনেকাংশেই অচল হয়ে পড়েছিল। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, ইরানের পরিবহন খাতের জন্য সামনে অপেক্ষা করছে এক বিশাল সুযোগ।
এ ছাড়া, ইরানের বন্দর ও নৌপরিবহন সংস্থা বা পিএমও’র সভাপতি মোহাম্মদ শাহিদ নেজাদ সাংবাদিকদের বলেন, বড় বড় কোম্পানির জাহাজ বন্দরে ভেড়ার ঘটনায় বোঝা যাচ্ছে, ইরানি বন্দরগুলোতে শিগগিরই কর্ম-তৎপরতা বাড়বে।সূত্র:আইআরআইবি
জেডআই





