চলতি মাসের শুরুতে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অংশীদার সায়মন ওভারসিজ লিমিটেডের মাধ্যমে সিলেট ও চট্টগ্রামে ভিসা সংগ্রহ কেন্দ্র চালু করে। এই সকল কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনপত্রের সাথে সাথে ভিসা প্রার্থীরা তাদের পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্রও জমা দিতে পারবেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৪ সেপ্টেম্বরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা প্রার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য বেশ কিছু পরিবর্তন সংযোজন করে। নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীরা তাদের ভিসা প্রক্রিয়াকরণ ফি, সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ, পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা এবং সংগ্রহ প্রভৃতি আগের চাইতে অনেক সহজে করতে পারবেন।
এই নতুন প্রক্রিয়া সম্পর্কে তথ্য http://www.USTravelDocs.com/BD এই ওয়েবসাইটে অথবা যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটের http://dhaka.usembassy.gov/ এই ঠিকানায় পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০০৮ সালের পর থেকে যে সকল ভিসা আবেদনপ্রার্থীর ভিসা ইস্যু করা হয়েছে তারা সাক্ষাৎকার ছাড়া কর্মসূচির (ড্রপ বক্স) আওতায় তাদের পাসপোর্ট জমা দিতে পারবেন। এই সেবার মাধ্যমে পুনরায় সাক্ষাৎকার ছাড়াই তারা ভিসা নবায়ন করতে পারবেন।
এছাড়া অন্যান্য সকল আবেদনকারীদেরকে ভিসা সাক্ষাৎকারের জন্য ঢাকায় আসতে হবে। তবে, যে সকল আবেদনকারীদের ভিসা মঞ্জুর করা হয়েছে তারা তাদের পাসপোর্ট (ভিসা সহ) সিলেট ও চট্টগ্রামের আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবেন। এতে করে ঢাকায় তাদের অতিরিক্ত আরেকবার ভ্রমণ করতে হবে না।
ঢাকায় অবস্থিত ভিসা সংগ্রহ কেন্দ্রের ঠিকানা হলো, বাড়ি # ৪এ, রোড # ২২, গুলশান-১, ঢাকা ১২১২। সিলেট কেন্দ্রের ঠিকানা, ১/এ আনন্দ টাওয়ার (নিচ তলা), জেল রোড, সিলেট-৩১০০। চট্টগ্রামে ভিসা সংগ্রহ কেন্দ্রটি হলো, আইয়ুব ট্রেড সেন্টার (৫ম তলা), ১২৬৯/বি শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
এই তিনটি কেন্দ্রের সবগুলোই রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকে।
এ সংক্রান্ত আরো তথ্য [email protected] এই ঠিকানায় ইমেইল করে অথবা +৮৮ ০৯৬১০ ২০২০৪০ এই নম্বরে ফোন করে জানা যাবে।
ভিসা বিষয়ে অতিরিক্ত যে কোনো তথ্য জানতে এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কনসাল জেনারেলের সঙ্গে ভিসা সংক্রান্ত আলোচনায় অংশ নিতে নিয়মিত দেখুন যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার ফেসবুক পেজ : (https://www.facebook.com/bangladesh.usembassy)।
জেআই





