পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) প্রতিনিধি দল। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তারা এ ক্ষোভ ও উদ্বেগের কথা জানান।

ইপি প্রতিনিধি দল প্রধান ক্রিশ্চিয়ান ড্যান প্রিদা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমরা এই জন্যই বাংলাদেশে এসেছি।

তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বুধবার তাদের সম্পর্কে দেওয়া বক্তব্যে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন।

আরেকটি সূত্রে জানা গেছে, জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বুধবার দেওয়া বক্তব্যের ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রতিনিধি দল এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, তা আমাদের বৈঠকে পর্যন্ত প্রভাব ফেলেছে।

বর্তমানে ক্রিশ্চিয়ান ড্যান প্রিদার নেতৃত্বে ছয় সদস্যের ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট (ইপি) প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন।

জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, বর্তমান সহিংসতা বন্ধের পক্ষে মত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল।

গণগ্রেফতারের বিষয়ে ইপি প্রতিনিধি দল উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়ে কমিশন চেয়ারম্যান বলেন, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল (ইপি) গণগ্রেফতারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বুধবার ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখার করার পর উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, মানবাধিকার বিষয়ে ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দলের বিন্দুমাত্র উদ্বেগ নেই।

এমকে