ভারতের ৭১তম স্বাধীনতা দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীর বক্তৃতায় উঠে আসে জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানের প্রসঙ্গ।

তিনি বলেন, আমাদেরকে জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য কাজ করতে হবে। গালি বা গুলি নয়, একমাত্র কাশ্মীরিদের বুকে টেনে নিয়েই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব।

এসময় গত বছর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল অভিযান পরিচালনার দাবির কথা্‌ও পুনরুল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

দীর্ঘ ২০০ বছরের শাসন-শোষণের পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ সাম্রাজ্য থেকে মুক্ত হয় ভারত। দিবসটিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সাথে পালন করছে ভারত। মঙ্গলবার দিল্লির লালকেল্লায় এ দিবস উপলক্ষেই ভাষণ দেন মোদি।

মোদির ভাষণে ওঠে আসে,  উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় গোরখপুরে অক্সিজেন সঙ্কটের কারণে প্রায় ৮০টি শিশু মৃত্যুর ঘটনার কথাও । তিনি মৃত শিশুদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, তার অর্থনৈতিক সংস্কার কর্মসূচি সফল হচ্ছে । দেশে এখন সততার উৎসব চলছে, দুর্নীতিগ্রস্তরা মুখ লুকাচ্ছে। কালোটাকা উদ্ধারে নোটবাতিলের সিদ্ধান্ত দেশবাসী সমর্থন করেছে। 

দেশে সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই বলে মন্তব্য করে মোদি বলেন, ‘ধর্মের নামে হিংসাকে বরদাস্ত করা হবে না।আমাদের দেশে কোনও ছোট বড় নেই, কোনও ভেদ নেই। সকলেই আমরা সমান।

এএইচ