তুরস্কের বসফরাস প্রণালীতে নৌকাডুবিতে অন্তত ২৪ জনের সলিল সমাধি হয়েছে। আফগানিস্তান ও সিরিয়ার অভিবাসীরা নৌকায় করে বসফরাস পাড়ি দেয়ার সময় দুর্ঘটনায় পড়েন বলে ধারণা করা হচ্ছে। সোমবারের এ দুর্ঘটনায় ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স ও ডনের।

নিহতদের অধিকাংশই শিশু বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, নৌকায় করে অবৈধ অভিবাসীরা বসফরাস প্রণালী পাড়ি দেয়ার সময় দুর্ঘটনায় তারা প্রাণ হারান। নৌকাটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের কোস্টগার্ড, ডুবুরি ও মাছ ধরার জলযানগুলো থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে, তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলটি বসফরাস প্রণালীর শেষ প্রান্ত ও কৃষ্ণ সাগরের মুখে অবস্থিত।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও দারিদ্রপীড়িত মানুষেরা এই প্রণালী দিয়ে প্রায়ই ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা চালায়। ইঞ্জিনচালিত ছোট ছোট নৌকায় পাড়ি দিতে গিয়ে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, বসফরাস প্রণালী হচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ততম একটি প্রণালী। রাশিয়ার জন্য এই প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্রপথে বহির্বিশ্বের সঙ্গে রাশিয়ার বাণিজ্যের একমাত্র পথ এই বসফরাস। রাশিয়ার তেলসহ অন্যান্য বাণিজ্য কৃষ্ণ সাগর থেকে এই পথ হয়েই বাণিজ্য করে থাকে।

বসফরাস প্রণালীটি তুরস্ককে ভেদ করে চলে গেছে। এই প্রণালীই ভেদ করেছে বিখ্যাত ইস্তাম্বুল শহরকে। প্রণালীর এক পাশে ইউরোপ মহাদেশ, আরেক পাশে এশিয়া। দেড় কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত ইস্তাম্বুল শহরটির এক অংশ পড়েছে এশিয়াতে, আরেক অংশ ইউরোপে।

এসএমএ