কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির খবর গণমাধ্যমে প্রকাশের পর অভিযুক্ত ৩ ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

শনিবার বোলপুর থানায় এ অভিযোগ দায়ের করা হয়।

গত ২৬ আগস্ট কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানাকে লেখা এক চিঠিতে সিকিম থেকে পড়তে আসা ওই শিক্ষার্থী অভিযোগ করে জানান, বাসা খুঁজে দেয়ার নাম করে কয়েকদিন আগে তাকে পূর্বপল্লির একটি বাড়িতে নিয়ে যায় কলাভবনের ৩ সিনিয়র ছাত্র। সেখানে তার সঙ্গে অশালীন আচরণ করে ৩ ছাত্র। নগ্ন করে তার ছবি তুলে রাখা হয় মোবাইলে। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে সেই ৩ অভিযুক্ত ব্ল্যাকমেল করতে থাকে। তার কাছ থেকে টাকাও আদায় করে।

খবর পেয়ে বৃহস্পতিবার সিকিম থেকে ছুটে আসেন ওই শিক্ষার্থীর বাবা। দেখা করেন কর্তৃপক্ষের সঙ্গে। পরে তিনি অভিযোগ করেন- পুলিশ ও সংবাদ মাধ্যমকে ঘটনার কথা না জানাতে চাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে এ অভিযোগ খারিজ করে দিয়ে কলাভবনের অধ্যক্ষ বলেন, চাপ দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

এদিকে শুক্রবার অভিযোগকারী শিক্ষার্থী ও তার বাবার সঙ্গে বৈঠকে বসেন যৌন নিগ্রহ প্রতিরোধের জন্য তৈরি বিশ্ববিদ্যালয়ের ‘বিশাখা কমিটি’-র সভাপতি মৌসুমী ভট্টাচার্য। সেই বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের দিয়ে কার্যত নজরবন্দী করে শিক্ষার্থী ও তার বাবাকে নিয়ে যাওয়া হয় বোলপুর স্টেশনে। তাদেরকে তুলে দেওয়া হয় উত্তরবঙ্গগামী ট্রেনে।

এই খবর সংবাদ মাধ্যমে আসতেই নড়চড়ে বসে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বোলপুর থানায় অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কর্তৃপক্ষ।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ