মিশরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত ইসলামিক নেতা ইসাম দারবালা জেলখানায় মারা গেছেন। রোববার তার দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

আল জাম'আ আল ইসলামিয়ার নেতা দারবালাকে গত মে মাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

১৯৯০ সালে সরকার বিরোধী আন্দোলনে অভিযুক্ত আল জাম'আ আল ইসলামিয়া ফেইসবুকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, কায়রোর বাইরে কঠিন নিরাপত্তার আল আকরাব কারাগারে শনিবার গভীর রাতে ৫৮ বছর বয়সী দারবালার স্বাস্থ্যের অবনতি হয়। পরে তিনি সেখানেই মারা যান।

সংগঠনটির রাজনৈতিক শাখা ডেভেলপমেন্ট এন্ড বিল্ডিং পার্টি দারবালার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করে অতি সত্ত্বর আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে।

তারা অভিযোগ করেছেন, ডায়বেটিস রোগে আক্রান্ত দারবালাকে উদ্দেশ্যমূলকভাবে ডাক্তারের কাছে নেয়নি জেল কর্তৃপক্ষ।

তবে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

জেডআই