মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে প্রতিবছর ১০ থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়া হচ্ছে।

রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের আয়োজনে ‘কমব্যাট ক্লাইমেট চেঞ্জ, কনসার্ভ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনা সভায় একথা জানান তিনি।

মজিনা বলেন, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী স্থানীয় জনসাধারণকে সচেতন করে তুলতে বেশি গুরুত্ব দেয়া জরুরি। যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদান সমুদ্র উপকূলবর্তী এবং গ্রাম্য জনগণের সচেতনতার পেছনে ব্যয় করলে বাংলাদেশ উপকৃত হবে।

তিনি বলেন, শুধু জলবায়ু পরিবর্তন নয়, রাজধানী ঢাকা সবচেয়ে বেশি ভূমিকম্প ঝুঁকিতেও রয়েছে। তাই জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ঢাকার ঝুঁকি নিরসনের দিকে নজর দিতে হবে। এজন্য বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করলে ভূমিকম্পের ভয় থেকে মুক্ত থাকা যাবে।

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক হাসান হাফিজ প্রমুখ।

কেএইচ