দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবিতে তিন শতাধিক লোকের মৃত্যুর ঘটনায় ক্যাপ্টেনের ৩৬ বছরের কারাদন্ড হয়েছে। মঙ্গলবার সিউলের একটি আদালত এ রায় দেয়।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, মর্মান্তিক ওই ঘটনায় দায়িত্বে ব্যাপক অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফেরির ক্যাপ্টেন লি জুন-সিওককে এ দন্ডাদেশ দিয়েছে আদালত।
গত এপ্রিলে ৪৭৬ আরোহী নিয়ে সিওল নামক এ ফেরি দক্ষিণাঞ্চলীয় উপকূলে ডুবে যায়। এতে তিন শতাধিক লোকের মৃত্যু হয়। তাদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। বিদ্যালয় থেকে নৌভ্রমণে গিয়েছিল ওই শিক্ষার্থীরা।
এ ঘটনায় ফেরির ক্যাপ্টেন লি জুন-সিওক ও অন্য ১৪ জন ক্রুর বিরুদ্ধে বিচার চলছে। প্রসিকিউটররা ফেরির ক্যাপ্টেনের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ এনে মৃত্যুদন্ডের আবেদন জানান। তবে বিচারক তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেন।
লির বয়স ৬০ বছরের বেশি এবং তার বাকি জীবনটা হয়তো কারাগারেই থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এএফপি’র খবরে বলা হয়েছে, আদালতে ঘুরেফিরে যে প্রশ্নটি বারবার এসছে তা হল, তাদেরকে ইচ্ছাকৃতভাবে হত্যা এবং দায়িত্বে অবহেলার প্রমাণ আছে কিনা। একটি ভিডিওতে লীকে ফেরি ডুবির সময় আরোহীদের ফেলে নিরাপদ জায়গায় চলে যেতে দেখা গেছে।
আদালতে লি এর জন্য ক্ষমা চেয়েছেন। ফেরির প্রধান প্রকৌশলী হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে ৩০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
এছাড়া ১৩ ক্রুকে ফেরি ত্যাগ ও নৌ আইন লংঘনের দায়ে কমপক্ষে ২০ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
আদালতে নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। সূত্র: বিএসএস
এমএ/জেআই





