যুক্তরাষ্ট্রের মিনিসোটার এক নাগরিক দেশটির একটি স্মৃতিস্তম্ভে নিজের নাম এবং স্ত্রীর খোদাই করে লিখেছেন। আর এ জন্য জরিমানা ও সংস্কার খরচ বাবদ ব্যক্তিটিকে গুনতে হচ্ছে ৩ লাখ ৪১ হাজার ৪২৭ টাকা।
যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজ জানিয়েছে, মনটানার একটি স্মৃতিস্তম্ভে গবেষক উইলিয়াম ক্লার্কের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরটি করা হয়েছিল ১০০ বছরেরও বেশি সময় আগে, ১৮০৬ সালের জুলাই মাসে। মিনিসোটার কোল রেনডাল নামের এক ব্যক্তি ঐতিহাসিক এই স্বাক্ষরের পাশে খোদাই করে লিখেন 'কোল + স্পেরেসা ১০/১০/২০১৩'। একটি হৃদয়ের চিহ্নও খোদাই করে আকা হয় সেখানে।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের সরকারি আইনজীবীর অফিস কোল রেনডালের বিরুদ্ধে 'খেয়ালের বশে নির্বিচার ধ্বংসযজ্ঞ চালানোর' অভিযোগ আনে। এমন পরিস্থিতিতে জরিমানা বাবদ ৭৭৬০০ টাকা এবং সংস্কার খরচ বাবাদ ২ লাখ ৬৩ হাজার ৮৩৭ টাকা দিতে রাজি হন কোল।
স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ম্যানেজার জেফ কিচেন এক বিবৃতিতে বলেছেন, আমরা আশাবাদী যে আমাদের ঐতিহাসিক সম্পদটির কিছু ক্ষত সংস্কার করা যাবে। রেনডাল খোদাই করে যা লিখেছেন তা খুবই গভীর এবং তীব্র; আমরা যা করতে পারি তা সীমাবদ্ধ।
ঘটনার বিষয়ে অভিযুক্ত রেনডাল বলেছেন, বিয়ের পর হানিমুনের সময় তার স্ত্রীর স্তনে একটি ফোড়া ধরা পড়ে। এরপর তিনি যখন মনটানার স্মৃতিস্তম্ভটির কাছে আসেন, তখন কিছু লেখা দেখে উৎসাহিত হন। সেখানে লেখা ছিল, যে সব আমেরিকান বিদায় নিয়েছেন (মারা গেছেন) তারা পাথরের গায়ে তাদের চিহ্ন রেখে গেছেন। এরপর তিনি স্মৃতিস্তম্ভে নিজের নাম এবং স্ত্রীর নাম খোদাই করে লিখার সিদ্ধান্ত নেন।
তবে নিজের কৃতকর্মের জন্য একটি ইমেইলের মাধ্যমে স্মৃতিস্তম্ভ কর্তৃপক্ষ এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন রেনডাল কোল। তিনি বলেছেন " আমি আমার সিদ্ধান্তের জন্য অনুতাপ করি... আমি বিনীতভাবে ক্ষমা চাই মনটানার মানুষের কাছে এবং আমেরিকার প্রত্যেকটি মানুষের কাছে, যারা আমার বোকামির জন্য ক্ষতিগ্রস্থ হয়েছেন"। তিনি আরো লিখেছেন, "আমি আশা করি আপনারা আপনাদের হৃদয়ে আমার জন্য ক্ষমা খুঁজে পাবেন এবং অনুধাবন করতে পারবেন যে, আমার ভুলের গভীরতা আমি বুঝতে পেরেছি"। সূত্র: সিবিএস নিউজ।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]