জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলী নিরাপত্তাবাহিনী এবং ফিলিস্তিনীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসরায়েলী সেনারা মসজিদ ক্যাম্পাসে ঢুকে পড়লে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা রবিবার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলী নিরাপত্তাবাহিনী ফিলিস্তিনীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। ইসরায়েলী নিরাপত্তাবাহিনী অভিযোগ করেছে, ফিলিস্তিনীরা তাদের লক্ষ্য ইট-পাটকেল নিক্ষেপ করেছে।

সংঘর্ষে বেশ কিছু ফিলিস্তিনী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু ইসরায়েলী বাহিনী তা অস্বীকার করেছে।

ইসরায়েলী পুলিশের মুখপাত্র মিকি রজেনফেল্ডের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আল-আকসা মসজিদের ভেতর অবস্থানরত কিছু ফিলিস্তিনী ইহুদি পর্যটকদের লক্ষ্য করে পাথর ও বিস্ফোরক ছুড়ে মারার প্রস্তুতি নিচ্ছে— এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তারা মসজিদে প্রবেশ করে।

সংঘর্ষের ফলে মসজিদের নামাজের বিছানার ক্ষতি হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। সংঘর্ষের এক ইসরায়েলী বাহিনী মসজিদ কম্পাউন্ডের গেট বন্ধ করে দিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে ইসরায়েলী হামলা বলে উল্লেখ করেছেন।

এএইচ