ভারতের উত্তরাঞ্চলে একটি শিবিরে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের পর কমপক্ষে ১১ জন তাদের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন। এ সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানান।

কর্মকর্তারা জানান, গত ৪ নভেম্বর একটি দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় একটি গ্রামে পরিচালিত চক্ষু শিবিরে ৬২ জনের ছানি অপারেশন করা হয়। এ অপারেশনের পর প্রকৃতপক্ষে কতজন তাদের দৃষ্টি শক্তি হারিয়েছেন তা তারা নিরূপনের চেষ্টা করছে।

ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলার ডেপুটি কমিশনার অভিনব ত্রিখা বলেন, ওই চক্ষু শিবিরে ছানি অপারেশনের পর এখন পর্যন্ত তাদের মধ্যে ১১ জন দৃষ্টি শক্তি হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এ সংখ্যা আরো অনেক বাড়তে পারে।

এ ব্যাপারে মন্তব্য করার জন্য তাৎক্ষনিকভাবে চিকিৎসা প্রশাসনের কাউকে পাওয়া যায়নি।

ভারতের মধ্যাঞ্চলে একটি শিবিরে বন্ধ্যাকরণ অপারেশনে ১৩ মহিলার মৃত্যুর পর এ ঘটনা ভারতের চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

এমএ