ভারতের পাঞ্জাবে একটি থানাসহ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে সেনাবাহিনীর পোশাক পরিহিত সন্ত্রাসীরা। এতে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজনখানেক লোক। হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।
সোমবার ভোর পৌনে ৬টার দিকে পাঞ্জাবের গুরুদাসপুরের দিনানগর থানা ও তৎসংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়। সন্ত্রাসীদের সংখ্যা কতো এ বিষয়ে তৎক্ষণাৎ কিছু জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে দিনানগর ও আশপাশের অঞ্চলে জড়ো হয়েছে সেনাবাহিনী। সন্ত্রাসীদের মোকাবেলায় সেনাবাহিনী এ ঘটনার দায়িত্বও নিয়েছে বলে জানানো হচ্ছে।
তিন থেকে চারজন হামলাকারী ছিনতাই করা একটি সাদা মারুতি গাড়িতে পুলিশ স্টেশনে এসে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারীরা স্টেশনেই অবস্থান করছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা পৌঁছেছেন। পুলিশকে সহায়তার জন্য সেখানে সেনা সদস্যরাও পৌঁছেছেন।
এদিকে, ওই পুলিশ স্টেশনের অদূরে পাথানকোট-অমৃতসর রেললাইনে তাজা বোমা পাওয়া গেছে। এ থেকে হামলাকারীরা পরিকল্পনা করেই সর্বোচ্চ ক্ষয়ক্ষতির উদ্দেশে হামলা চালিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
ওই সীমান্ত এলাকায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত। হামলার পর সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি
এআর





