মার্কিন সরকার পারস্য উপসাগর থেকে যুদ্ধজাহাজ সরিয়েছে। এতে ইরানের সঙ্গে চূড়ান্ত পরমাণু চুক্তি স্বাক্ষরের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন বিশ্লষকরা।
পরমাণু শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান গত ছয় মাসের বেশিরভাগ সময় পারস্য উপসাগরের বাইরে অবস্থান করেছে। এটি বর্তমানে এ অঞ্চলে একমাত্র মার্কিন বিমানবাহী রণতরী।
ক'মাস ধরে পারস্য উপসাগরের ভেতরে ও বাইরে অবস্থান করেছে তার একটি পরিসংখ্যান তুলে ধরেছে মার্কিন দৈনিক 'হিল'।
প্রতিবেদনে বলা হয়েছে,২০১৩ সালের আগস্ট থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ট্রুম্যান ১০১ দিন কাটিয়েছে ওমান সাগর ও উত্তর আরব সাগরে। তবে মাত্র ৪৫ দিন এটি ছিল পারস্য উপসাগরের ভেতরে। এ ছাড়া,এই উপসাগরে ঢোকা ও বের হওয়ার কাজে জাহাজটির সময় লেগেছে ১১ দিন।
অথচ গত বছর একই সময়ে আরেকটি রণতরীর সঙ্গে ট্রুম্যান শুধুমাত্র পারস্য উপসাগরের ভেতরেই অবস্থান করছিল।
গত আগস্টে ইরানের সঙ্গে পাশ্চাত্যের সিরিয়াস পরমাণু আলোচনা শুরু হয়। নভেম্বরে একটি অন্তর্বর্তী চুক্তি সই করে দু'পক্ষ। ওই অস্থায়ী চুক্তিকে স্থায়ী রূপ দেয়ার জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি আবার বৈঠকে বসছে ইরান ও ৬ জাতিগোষ্ঠী।
ওদিকে,মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) অবশ্য বলেছে,কোনো অঞ্চলে মার্কিন উপস্থিতি প্রমাণের জন্য বিমানবাহী রণতরীর উপস্থিতি জরুরি নয়। ওয়াশিংটন বড় যুদ্ধজাহাজের পরিবর্তে ছোট ছোট টহল জাহাজের সংখ্যা বাড়িয়েছে। সূত্র: আইআরআইবি।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]