ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ আফগানিস্তানে তাদের কূটনৈতিক মিশন আবার চালু করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। ইইউর মুখপাত্র নাবিলা মাসরালি সোমবার ঘোষণা করেছেন, আগামী এক মাসের মধ্যে সীমিত পরিসরে কাবুলে নিজের কূটনৈতিক মিশন আবার চালু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আফগানভিত্তিক সংবাদমাধ্যম খামা প্রেস নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

তিনি দাবি করেন, ইইউর এ পদক্ষেপের অর্থ আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থাকে স্বীকৃতি দেয়া নয়। নাবিলা মাসরালি বলেন, আফগানিস্তানের জনগণকে সাহায্য করার জন্য বাধ্য হয়ে আমাদেরকে তালেবানের সাথে কাজ করতে হচ্ছে। ইইউর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তালেবানের উপ-মুখপাত্র মোল্লা আহমাদুল্লাহ ওয়াসিক। তিনি বলেছেন, ইউরোপের এ সিদ্ধান্ত আফগানিস্তানের পাশাপাশি ইইউর জন্যও একটি ইতিবাচক পদক্ষেপ। ওয়াসিক বলেন, ইইউর দফতর এবং তার সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান।

গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর বিশ্বের বেশির ভাগ দেশের দূতাবাসের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও কাবুলে তার রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দেয়। ইইউ তাদের কূটনীতিকদের কাবুলে ফেরত পাঠানোর পরিবেশ সৃষ্টি হয়েছে কি না তা যাচাই করার জন্য গত মাসে আফগানিস্তানে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল। তাদের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে কাবুলে ইইউর কার্যক্রম আবার চালু করার সিদ্ধান্ত নেয়া হলো।
আফগানিস্তানকে ১০০ কোটি ইউরোর সাহায্য দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে ওই ইউনিয়ন মনে করে, তাদের নিজস্ব কর্মীর উপস্থিতি ছাড়া এই সাহায্য সঠিকভাবে আফগান সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেয়া সম্ভব নয়।

স্বর্ণের রিজার্ভ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান : আমেরিকার বিভিন্ন ব্যাংকে আটকে পড়া আফগানিস্তানের বিপুল অঙ্কের অর্থ ছেড়ে দেয়ার জন্য আবারো ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সোমবার মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ প্রতিনিধি জন কেরির সাথে সাক্ষাতে এ আহ্বান জানান বলে পাকিস্তান প্রধানমন্ত্রীর দফতরের বরাত দিয়ে জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে।

সৌদি আরবে অনুষ্ঠানরত জলবায়ুবিষয়ক সম্মেলনের অবকাশে জন কেরির সাথে বৈঠক করেন ইমরান খান। তিনি বলেন, আফগানিস্তানের জনগণের জীবনমান উন্নয়নের স্বার্থে দেশটির শত শত কোটি ডলার অর্থ ছেড়ে দেয়া প্রয়োজন। ইমরান খান বলেন, পাকিস্তানসহ এ অঞ্চলের সব দেশ একটি স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায়। পাক প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করার স্বার্থে আফগানিস্তানে সম্ভাব্য মানবিক সঙ্কট প্রতিহত ও দেশটিকে দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর আমেরিকার ব্যাংকগুলোতে গচ্ছিত আফগানিস্তানের শত শত কোটি ডলার অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণের রিজার্ভ জব্দ করে ওয়াশিংটন। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার কারণে দেশটি থেকে ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটাতে বাধ্য হয় আমেরিকা। মার্কিন সেনারা আগস্ট মাসের ৩১ তারিখের মধ্যে তালেবানের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে চরম অপমানজনক পরিস্থিতিতে কাবুল ত্যাগ করতে বাধ্য হয়।

সিরিজ বৈঠকে অংশ নেবে রাশিয়া : আফগানিস্তান ইস্যুতে সিরিজ বৈঠকে অংশ নেয়ার কথা জানিয়েছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের আফগানিস্তানবিষয়ক দূত জমির কাবুলোভ এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। বুধবার ইরানের উদ্যোগে আয়োজিত আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর বৈঠকে মস্কো অংশ নেবে বলে জানান জমির কাবুলোভ। তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানের সমন্বয়ে গঠিত সম্প্রসারিত ট্রয়কা-ও আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে আফগানিস্তান ইস্যুতে মিলিত হবে। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই বৈঠকেও অংশ নেবে মস্কো।

কাবুলে মানবিক সহায়তার আহ্বান পাকিস্তান-চীনের : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিরল এক যৌথ আবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত আফগানিস্তানে মানবিক ও অর্থনৈতিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে আফগানিস্তানে তীব্র খাদ্য ও মেডিসিন সঙ্কট দেখা দিয়েছে। এতে চরম দুর্দশার কবলে পড়েছে দেশটির সাধারণ মানুষ। মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইমরান খান ও শি জিনপিং আফগানিস্তান ইস্যুতে কথা বলেছেন বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। এ সময় তারা বলেন, আফগানদের দুর্ভোগ লাঘব, স্থিতিশীলতা ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন।

এবিএস