ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল বেরিয়েছে। ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) জোট পেয়েছে ৩৩৯ আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ (ইউনাইটেড পিপলস অ্যালায়েন্স) জোট পেয়েছে মাত্র ৫৮টি আসন। আর অন্যান্য সব দল মিলে পেয়েছে বাকি ১৪৬টি আসন। খবর এনডিটিভির। বিজেপি এককভাবেই পেয়েছে ২৮৪টি আসন। ফলে জোট ছাড়াই সরকার গঠন করতে পারবে বিজেপি। কারণ সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। তবে, জোট নিয়েই বিজেপি সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেসের এরকম ভয়াবহ রকম ভরাডুবির পরও এর সহসভাপতি রাহুল গান্ধীকে হাসিমুখে দেখা গেছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ২০০৯ সালের নির্বাচনের চেয়ে ১৭৬টি আসন কম পেয়েছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট গত নির্বাচনের চেয়ে ১৯৮টি আসন বেশি পেয়েছে। কংগ্রেস এককভাবে পেয়েছে মাত্র ৪৪টি আসন, যা গত নির্বাচন থেকে ১৬২ আসন কম। কংগ্রেসের সঙ্গে জোটে থাকা ৬টি দল একটি আসনও পায়নি। অন্যদিকে, বিজেপি এককভাবে গত নির্বাচন থেকে ১৬৮টি আসন বেশি পেয়েছে। মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩৪টি আসন। গত নির্বাচনের চেয়ে ১৫টি আসন বেশি পেয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এখন ভারতের চতুর্থ বৃহত্তম দল। ৪৪টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়েছে কংগ্রেস। তৃতীয় বৃহত্তম দল নির্বাচিত হয়েছে তামিলনাড়ুর আন্না দ্রাভিদা মুন্নেত্রা কাঝাগাম (এডিএমকে)। দলটি পেয়েছে ৩৭ আসন। অন্যদিকে, আম আদমি পার্টি পেয়েছে মাত্র ৪টি আসন। সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]