কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে আরও ৫ বন্দীকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদেরকে বিনাবিচারে প্রায় এক যুগ আটকে রাখা হয়। বুধবার এ খবর জানিয়েছে আল জাজিরা।
কিউবার মার্কিন ঘাঁটি গুয়ানতানামো বে বন্দীশালা থেকে ওই ৫ বন্দীকে কাজাখস্তানে হস্তান্তর করা হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুই জন তিউনিসীয় এবং তিন জন ইয়েমেনের নাগরিক। তাদের সবাইকে পাকিস্তান থেকে আটক করা হয়েছিল।
দীর্ঘদিন ধরে তাদের মুক্তির বিষয়টি ঝুলে ছিল। অবশেষে ‘সবুজ সংকেত’ পাওয়ার পর মঙ্গলবার তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
এক বিবৃতিতে পেন্টাগন নিশ্চিত করেছে, নতুন করে মুক্তি পাওয়া ৫ জনকে কাজাখস্তানে পাঠানো হয়েছে।
বন্দী পুনর্বাসন চুক্তির অধীনে বন্দীদেরকে তৃতীয় কোন দেশে পাঠিয়ে থাকে যুক্তরাষ্ট্র। গুয়ানতানামো থেকে অন্তত ৩০ বন্দীকে ‘তৃতীয় দেশে’ পাঠিয়েছে মার্কিন প্রশাসন।
‘১/১১’ কাণ্ডে জড়িতদের শাস্তি দিতে ২০০২ সালের ১১ জানুয়ারি গুয়ানতানামো বে বন্দীশালা তৈরী করে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর থেকেই এই বন্দীশালা বন্ধের উদ্যোগ নেন। ধীরে ধীরে বন্দীদের মুক্তি দিতে থাকে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই অন্তত ১৫ জনকে মুক্তি দিল দেশটি।
পেন্টাগনের সূত্র মতে, আল কায়েদা সন্দেহে আটক হওয়া আরও ১২৭ জন বিনা বিচারে বন্দী আছেন গুয়ানতানামোয়।
এমএ





