ভূমধ্যসাগর থেকে গত দুই দিনে ৬ হাজার শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। ইতালীয় উপকূলরক্ষীরা জানিয়েছেন, ওই শরণার্থীরা ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। শুক্র ও শনিবার কয়েক হাজার শরণার্থীকে উদ্ধার করেছে উপকূলরক্ষীরা। খবর এএফপির।

নৌবাহিনী, উপকূলরক্ষী, ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং বেশ কিছু এনজিও শনিবার প্রায় ৩ হাজার শরণার্থীকে উদ্ধার করেছে। লিবীয় উপকূলরক্ষী এএফপিকে জানিয়েছে, তারা শনিবার ত্রিপোলি থেকে ১৭০ শরণার্থীকে উদ্ধার করেছেন।

লিবিয়ার উপকূলীয় জুয়ারা শহরে দ্য ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে জেলেরা উপকূল থেকে ৩৭১ জন শরণার্থীকে উদ্ধার করেছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শুরুতে প্রায় ৩৭ হাজার শরণার্থী লিবিয়া থেকে ইতালি পৌঁছেছে। এদের মধ্যে অধিকাংশই সাব সাহারান আফ্রিকান। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ৩০ ভাগ বেশি।

ভূমধ্যসাগরে গত বছর মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে এমন শরণার্থীর সংখ্যা সাড়ে চার হাজারের বেশি।

এমএনজে