ইরাকে ইসলামিক স্টেটের বন্দিশালায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ও কুর্দি যোদ্ধাবাহিনী পেশমার্গার যৌথ অভিযানে ৭০ জিম্মিকে উদ্ধার করা হয়েছে। তবে এ সময় নিহত হয়েছেন এক মার্কিন সেনা।

আইএসের এই বন্দিশালায় ৭০ জিম্মির শিরচ্ছেদ করার কথা ছিল। বর্বর জঙ্গিদের মৃত্যুকূপ থেকে অবশেষে তারা বেঁচে ফিরলেন।

আলজাজিরা অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক সদরদপ্তর পেন্টাগন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকের হাউইজায় আইএসের বন্দিশালায় অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করার সময় এক মার্কিন সেনা এবং আইএসের এক জঙ্গি নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, জিম্মিদের গণশিরচ্ছেদ করা হবে- এমন তথ্য পেয়ে পরিকল্পনা করে বন্দিশালায় অভিযান চালানো হয়।

পেন্টাগানের মুখপাত্র পিটার কুক বলেন, মুক্ত হওয়া জিম্মিদের মধ্যে ২০ জন ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তবে তাদের মধ্যে কয়েকজন বেসামরিক সাধারণ লোকও আছে।

কুক জানান, যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার নিয়ে পেশমার্গার যোদ্ধাদের সহযোগিতায় আইএসের বন্দিশালায় অভিযান চালানো হয়।

২০১৪ সালে আইএস-বিরোধী অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের কোনো সেনা এই প্রথম ইরাকে নিহত হলো।

এদিকে কুর্দিশ গোয়েন্দা প্রধান মাশরুর বারজানি জানিয়েছেন, আইএসের ওই বন্দিশালায় ৬৯ বন্দির শিরচ্ছেদ বা ফাঁসি কার্যকরা হয়েছে। অভিযানে ২০ জঙ্গি নিহত হয়েছে এবং ছয় জঙ্গি আটক হয়েছে।

এসএইচ