লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এক মার্কিন নারীকে তার শিশুর জন্য জমানো ১৪.৮ লিটার বুকের দুধ ফেলে আসতে হয়েছে। এ ঘটনায় ওই নারী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, নিরাপত্তার অজুহাতে কর্তৃপক্ষ এমনটি করেছে। জেসিকা কোকলে মার্টিনেজ নামের ওই নারী তার ৮ মাস বয়সী বাচ্চাকে ছাড়াই ভ্রমণ করছিলেন। তার জন্যই জমা করে রেখেছিলেন ওই দুধ।
জেসিকা তার ফেসবুকে ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে লিখেন, ‘আপনারা আমার বাচ্চার প্রায় দুই সপ্তাহের খাবার নষ্ট করে দিয়েছেন।’
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বিমানে নির্দিষ্ট পরিমাণের বেশি তরল কেউ বহন করতে পারবে না। যাত্রীদের জন্য ওয়েবসাইটেও সে তথ্য দেওয়া আছে।
পরিবহন বিভাগের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ১০০ মিলি তরল বহন করতে পারবেন।
হিথ্রো বিমানবন্দরের ওয়েব সাইটের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুখাদ্যের বেলায় এ ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে অবশ্যই শিশু যাত্রীকে সঙ্গে থাকতে হবে।
বিমান কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে জেসিকা অযৌক্তিক দাবি করেন। তার মতে, কর্মজীবী নারীদের এক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে।
এর আগে ২০০৬ সালে যুক্তরাজ্যের বিমানবন্দরে তরল বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলে, তরল বহন সংক্রান্ত এ আইন প্রণয়ন করে সরকার।
ওএফ





