ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, আলজেরিয়ার সাথে সম্প্রতি সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার শিগগিরই সমাপ্তি হবে। মঙ্গলবার ফ্রান্সের ইন্টার রেডিওর সাথে এক সাক্ষাতকারে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমি আশা করি আমরা পরিস্থিতি শান্ত করতে পারবো কেননা আমি চিন্তা করি, অন্যের সাথে কথা বলা ও অগ্রগতি করাই উত্তম।’

এর আগে আলজেরিয়ার বিষয়ে ম্যাকরনের ‘অযাচিত মন্তব্যের’ জেরে ফ্রান্স থেকে শনিবার নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে আলজিয়ার্স। পরে রোববার ফরাসি সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় দেশটি।

গত বৃহস্পতিবার ফ্রান্সের দৈনিক লা মন্ডে এক প্রতিবেদনে জানায়, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্সের পক্ষে যুদ্ধ করা আলজেরীয় নাগরিকদের বংশধরদের সাথে এক বৈঠকে আলজেরিয়া সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

ম্যাকরন বলেন, আলজেরিয়া এক 'রাজনৈতিক-সামরিক ব্যবপস্থাপনায়' শাসিত হচ্ছে এবং দেশটির আনুষ্ঠানিক ইতিহাস 'সত্যের ভিত্তিতে নয় বরং ফ্রান্সের প্রতি ঘৃণার মনোভাব থেকে' সম্পূর্ণভাবে পুনর্লিখিত হয়েছে।

পরে আলজেরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্যের নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্যের মাধ্যমে সেই আলজেরীয়দের 'অসহ্য অপমান' করা হয়েছে যারা ফ্রান্সের ঔপনিবেশকতার বিরুদ্ধে লড়াই করে নিহত হয়েছে।

ফ্রান্স ১৮৩০ সাল থেকে ১৯৬২ পর্যন্ত টানা ১৩২ বছর আলজেরিয়ায় ঔপনিবেশিক শাসন চালায়। আলজেরিয়ার ওপর ফ্রান্সের দখলদারিত্ব বজায় রাখতে ফরাসিরা অন্তত ৫০ লাখ আলজেরীয়কে হত্যা করে।

১৯৫৪ থেকে আলজেরীয়দের টানা আট বছর স্বাধীনতা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ১৯৬২ সালে ফ্রান্স আলজেরিয়া ত্যাগ করে। যুদ্ধে প্রায় ১৫ লাখ আলজেরীয় প্রাণ হারান। তথ্যসূত্র : রয়টার্স।

এবিএস