এ আইন বাস্তবায়ন হলে 'আসসালাতু খাইরুম মিনান নাউম' বা ঘুম থেকে নামাজ উত্তম বলে মুসল্লিদের ফজর নামাজের জন্য শব্দ করে আজান দেয়া যাবে না।

ইসরাইলের দখলকৃত এলাকায় রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মাইকে আজান নিষিদ্ধ করার প্রস্তাবিত আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট নেসেট।

বুধবার নেসেটের এক অধিবেশনে আইনটি অনুমোদন করা হয়।

নেসেটের আরব আইন প্রণেতারা এই আইনকে বর্ণবাদী আখ্যা দিয়ে একে পাশ করার উদ্যোগকে নিন্দা জানিয়েছেন।

প্রস্তাবিত আইন অনুযায়ী, ভোরে মসজিদ থেকে মাইকে ফজরের নামাজের আজান দেয়া যাবে না। যদি কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তাকে ইসরাইলি মুদ্রায় ১০ হাজার শেকেল বা দুই হাজার ৭০০ ডলার জরিমানা করা হবে।

তবে বিলটির সমর্থক ইহুদিবাদীদের দাবি এ আইনের ফলে মসজিদের আশেপাশের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটা বন্ধ হবে।

এর আগে কট্টর ডানপন্থী জুইশ হোম পার্টির নেতা মটি জোগেভ বিতর্কিত আইনটির প্রস্তাব করেছিলেন।

এতে সব সময়ের জন্য সশব্দে মাইকে প্রার্থনার আহ্বান বন্ধের প্রস্তাব ছিল। এর ফলে শুক্রবার সন্ধ্যায় ইহুদিদের 'সাব্বাথ' প্রার্থনার জন্য সাইরেন বাজানোও নিষেধাজ্ঞায় পড়তো। এ কারণে ইসরাইলি আইনসভা নেসেট আইনটি প্রত্যাখ্যান করে।

পরে আইনটি সংশোধন করে শুধু রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত উচ্চ শব্দে প্রার্থনার আহ্বান নিষিদ্ধ করার কথা বলা হয়।

পরে গত ১২ ফেব্রুয়ারির মন্ত্রিসভা কমিটি সংশোধিত প্রস্তাবটি অনুমোদন করে। এই কমিটির সভাপতি জুইশ হোম পার্টির নেতা এবং নেতানিয়াহু সরকারের বিচারমন্ত্রী আয়েলেত শাকেদ।

যদিও আইনটিতে সুনির্দিষ্ট কোনো ধর্মের কথা উল্লেখ করা হয়নি। কিন্তু ফিলিস্তিনি এবং ইসরাইলি মুসলিমদের দাবি এটি 'মুয়াজ্জিন আইন' ।

ইসলাম বিদ্বেষের কারণেই দখলদার ইহুদিবাদী ইসরাইল এ আইন প্রণয়ন করছে বলে অভিযোগ তাদের।

মাহমুদ