রাশিয়ার ইমার্জেন্সি সার্ভিসের বরাত দিয়ে খবরে বলা হয়, এএন-২৬ বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সম্ভাব্য ঘটনাস্থলে বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে।

এর আগে ২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়। ওই বিমানটি যথাযথ সময়ে সাড়া না দেওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হয়— সেটি নিখোঁজ হয়েছে।

আজ ৬ জুলাই (মঙ্গলবার) দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার ফার ইস্ট এলাকায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এএন-২৬ নামের ওই যাত্রীবাহী বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল। পরবর্তীতে বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাশিয়ার জরুরি সেবাদাতা সংস্থার এক প্রতিনিধি বলেন, বিমানটিতে ২৮ আরোহী ছিল যাদের মধ্যে ৬ জন ক্রু সদস্য। এছাড়া আরোহীদের মধ্যে ১-২ জন শিশুও রয়েছে বলে জানা যায়।

দেশটির ১টি হেলিকপ্টার ও সেনারা ওই প্লেন খোঁজা এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন।

আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সকল জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। ২টি হেলিকপ্টার এবং ১টি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। তথ্যসূত্র: এএফপির ও স্পুটনিক নিউজ।

এইচএন