তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের দুই যুবক নিখোঁজ হয়েছেন। চার বন্ধু একসঙ্গে রওনা হয়ে এক জন ইতালি পৌঁছেছেন। বাকি তিনজনের একজন উদ্ধার হলেও এখনও নিখোঁজ দুইজন।
রোববার (১২ মে) সন্ধ্যায় নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জানা যায়।
নিখোঁজরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের হাজী আলাউদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (২২) ও আব্দুল জলিলের ছেলে আব্দুল মোক্তাদির (২২)। দু’জনই হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অনার্সে অধ্যয়রত ছিলেন।
জানা যায়, গত ৯ মে রাতে ইতালি যাওয়ার উদ্দেশে আব্দুল কাইয়ুম ও আব্দুল মোক্তাদির নৌকায় ওঠেন। তাদের সঙ্গে ছিলেন একই গ্রামের মামুন মিয়া (২২) এবং নূরুল আমীন (২৮)। যাত্রীদের নেওয়া হচ্ছিল দু’টি নৌকায় ভাগ করে। প্রথম নৌকায় ওঠেন নূরুল আমীন। ওই নৌকাটি না ডুবায় তিনি ইতালিতে পৌঁছেছেন। পরবর্তী নৌকায় বাকি তিনজন গেলে তিউনিসিয়া উপকূলে এটি ডুবে যাওয়ার পর সাঁতরাতে থাকেন তিনজন। উদ্ধার হওয়াদের মধ্যে মামুন মিয়া থাকলেও নিখোঁজ রয়েছেন কাইয়ুম এবং মোক্তাদির।
গত ৯ মে গভীর রাতে লিবিয়া উপকূল থেকে ৭৫ জন অভিবাসীবাহী একটি বড় নৌকা ইতালি পাড়ি জমায়। নৌকাটি তিউনিসিয়া উপকূলে ডুবে গেলে বেশির ভাগ যাত্রী নিহত হন।
এসএম





