জনগণের দাবি পূরণ না হলে শান্তি চুক্তিতে স্বাক্ষর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গাজার শাসনকারী হামাস। বৃহস্পতিবার নিজেদের এ অব্স্থানের কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন গাজা তথা ফিলিস্তিনিদের পক্ষে মধ্যস্থতাকারী খলিল আল-হায়া। খবর আল জাজিরার।
খলিল আল-হায়া আরও জানান, কায়রোয় চলমান শান্তির জন্য বসা আলোচনায় কেবল কালক্ষেপণ করা হচ্ছে।
একটি চূড়ান্ত শান্তিচুক্তির ব্যাপারে তারা আশাবাদী বলে জানান আল হায়া। এই চুক্তি জনগণের চাওয়াকে পূরণ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার আলোচনার অগ্রগতির ব্যাপারে সাংবাদিকদের এসব কথা বলেন হায়া।
গাজার উপর ২০০৬ সাল থেকে আরোপিত অবরোধ তুলে নেয়ার দাবিতে অটল রয়েছে হামাস। স্থায়ীভাবে অবরোধ তুলে নেয়ার দাবি জানাচ্ছে তারা।
হামাস ও ইসরাইলের মধ্যে পাঁচ দিনের যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা পরই এসব মন্তব্য জানা গেল। এদিকে, বৃহস্পতিবারের মতো আলোচনা শেষ হয়েছে। আলোচনা আবার শুরু হবে আগামী রবিবার। ফিলিস্তিনি প্রতিনিধিরা শনিবার রাতে কায়রোতে যাবেন।
এদিকে, ফিলিস্তিন ও মিশরের সূত্রগুলো থেকে জানা গেছে, গাজায় কিছু পণ্য পরিবহনের ক্ষেত্রে ইসরাইল সম্মত হয়েছে। এ ছাড়া গাজাবাসীর সীমান্ত পারাপারেও সম্মত হয়েছে ইসরাইল। সূত্র: আল জাজিরা
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





