[b]ফিলিপাইন:[/b] দুর্যোগ প্রবণ ফিলিপাইনে চলতি বছরের প্রথম ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। আবহাওয়া পূর্বাভাসে  বলা হয়েছে, দেশটিতে ঝড়ের প্রভাবে আরো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
রোববার কর্মকর্তারা জানান, গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ ‘লিংলিং’-এর কারণে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৫ লাখ ৮০ হাজারের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৬১ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে উঠেছে।
ম্যানিলার জাতীয় দুর্যোগ ঝুঁকি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা পরিষদ শুক্রবারের মৃতের সংখ্যার সঙ্গে আরো তিন জনের প্রাণহানির কথা উল্লেখ করেছে।
রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো জানায়, মিন্দানাওয়ের একটি বড় অংশে ‘মাঝারী থেকে ভারী’ বৃষ্টিপাত হতে পারে।
আগামী ৩৬ ঘন্টার মধ্যে দ্বীপটির ৮টি প্রদেশে ঘন্টায় ৬০ কিলোমিটার (৩৭মাইল) বেগে বাতাস বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রদেশগুলোতে সরকারি ঝড় সতর্কীকরণ সংকেত কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ঝড়টির স্থানীয় নাম উল্লেখ করে ব্যুরো জানায়, ‘গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ অ্যাগাটনের প্রভাবে বোহোল, সিকুইজোর, মিন্দানাওয়ের উত্তরাঞ্চল ও পুরো সারাগা অঞ্চলে বজ্রপাতসহ মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।’
বেসামরিক প্রতিরক্ষা কার্যালয়ের আঞ্চলিক পরিচালক লিজা মাজো জানান, ভূমিধসে অ্যাগুসানের জাতীয় মহাসড়কটি বন্ধ হয়ে যাওয়ায় দুর্গতদের সহায়তায় জরুরি ত্রাণ তৎপরতা মন্থর হয়ে পড়েছে।