স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ইসরাইলি মিশনের সামনে জড়ো হন ১৫০ বিক্ষোভকারী। নিউইয়র্কের একজন স্বনামধন্য অধ্যাপক ও লেখক নরমান ফিনকেলস্টেইনের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে যোগ দিতেই তারা জড়ো হন সেখানে।

এর আগে সোমবার ফিনকেলস্টেইন তার ওয়েবসাইটে লিখেছেন, “কোন মহৎ উদ্দেশ্যে আমি একা একা শহীদ হতে বা নিজেকে উৎসর্গ করার নীতিতে বিশ্বাসী নই। যদি ১০০ লোকও সেখানে আটক হওয়ার মতো মানসিক প্রস্ততি নিয়ে জড়ো হন এবং সংহতি প্রকাশ করেন, তবে আমিও সেখানে যাব”।

তিনি বলেন, হতাশাবোধ থেকেই আমি এ ধরনের প্রতিবাদ সমাবেশের উদ্যোগ নিয়েছি। গত ২০-২১ দিন কম্পিউটারের সামনে বসে থেকে আমার এমনই অনুভূতি হয়েছে যে আমি কিছুই করিনি। গাজায় যা হচ্ছে তার বিরুদ্ধে একটি উত্থানের প্রয়োজনীয়তা অনুভব করছি। এমন ভাবনা থেকেই তাৎক্ষণিক আমি সিদ্ধান্ত নিলাম, চলো সবাই মিলে কিছু করি।

ফিনকেলস্টেইনের এমন আহবানের পরই মঙ্গলবার প্রায় ১৫০ প্রতিবাদকারী নিউইয়র্কের ২য় এভিনিউয়ে ৪২ নম্বর স্ট্রিটে জড়ো হন। তারা স্লোগান দিতে থাকেন, “পুরো বিশ্ব দেখছে, এখনি গণহত্যা বন্ধ করো”। এভাবে ২০ মিনিট স্লোগান দেয়ার পর প্রতিবাদকারীরা ৪৩ নম্বর স্ট্রিটের দিকে অগ্রসর হতে থাকেন।

এ সময়ই প্রতিবাদকারীদের আটক করে নিউইয়র্ক পুলিশ। আটককৃতদের মধ্যে ব্রুক পেরি নামক একজন ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণকারী বীরও উপস্থিত ছিলেন। আটকের সময় তার গায়ে একটি টি-শার্ট ছিল যেখানে লেখা ছিল, “ভিয়েতনামের বীরেরা যুদ্ধের বিপক্ষে”।

ব্রুক পেরি এসময় বলেন, আমি প্রতিবাদ করছি, কারণ আমি (ইসরাইলি) কসাইদের কর্মকান্ড দেখছি। আমরা গণহত্যা দেখছি, ধ্বংসযজ্ঞ দেখছি এবং আমরা যা বলছি তা আমরা পছন্দ করি না।

এ সময় পাশ্ববর্তী অনেক ভবনে কর্মরত অনেকেই স্বত:স্ফূর্তভাবে প্রতিবাদকারীদের প্রতি সমর্থন জানায় এবং কেউ কেউ সেখানে জড়ো হয়ে উৎসাহ দিতে থাকেন। জড়ো হওয়া ব্যক্তিরা এ সময় ইসরালের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে গাজায় যায়নবাদী ইসরাইলি সন্ত্রাসীদের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ১২৩২ ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েক হাজার (৬ হাজারেরও বেশি)। নিহতদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। এরমধ্যে ২৫০'র বেশি শিশু। আন্তর্জাতিক বিশ্বের শত অনুরোধ-উপদেশের তোয়াক্কা না করে দখলদার ইহুদীবাদীরা এই গণহত্যা চালিয়ে যাচ্ছে।

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেবি