জনপ্রিয় ‘টু-মিনিট নুডলস’ ম্যাগি নিয়ে বিতর্ক নতুন মোড় নিয়েছে।

খবরে প্রকাশ, নেসলে ইন্ডিয়ার (যে সংস্থা ম্যাগি তৈরি করে) এক মুখপাত্র স্বীকার করেছেন যে, মার্চ ২০১৪ ব্যাচে নির্মিত বাজারে যত ম্যাগি বিক্রির জন্য ছাড়া হয়েছে তা তুলে নেয়ার নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। নির্দেশ দেয়ার বিষয়টি সংবাদমাধ্যমের কাছে পরে খোলাসা করেছেন এফডিএ-র ডিআইজি ডি জি শ্রীবাস্তব।

বিতর্ক শুরু হয় যখন এফডিএ-র লখনউ পরীক্ষাগারে ম্যাগির নমুনা পরীক্ষা করে তাতে মাত্রাতিরিক্ত পরিমাণের সিসা ও রাসায়নিক মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি)-এর অস্তিত্ব মেলে। এফডিএ-র প্রকাশিত তথ্য অনুযায়ী, যেখানে অনুমোদনযোগ্য সীমা ০.০১ থেকে ২.৫ পিপিএম (পার্টস পার মিলিয়ন) হওয়া উচিত, সেখানে ম্যাগির মধ্যে সিসার পরিমাণ ১৭.২ পিপিএম ছিল।

পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরই ড্যামেজ কন্ট্রোলে নেমেছিল নেসলে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল তারা গুণগত মান নিয়ে কোনো আপস করে না। সংস্থার তৈরি যেকোনো খাদ্যদ্রব্যের ওপর কঠোর নজরদারি থাকে। এমনকী তারা অস্বীকারও করে যে, পরীক্ষায় কোনোভাবে সিসা ও এমএসজি থাকতে পারে।

কিন্তু, নেসলের যুক্তি যে ধোপে টেকেনি, লখনউয়ের এফডিএ-র এই নির্দেশই তার প্রমাণ।

ইআর