হংকংয়ে বিক্ষোভকারীদের কয়েকটি অবস্থানস্থল সরিয়ে দিয়েছে দেশটির প্রশাসনিক কর্মকর্তারা। হংকংয়ের সর্বোচ্চ আদালতের এক আদেশে এগুলো সরানো হয় বলে জানা গেছে। তবে, বিক্ষোভকারীরা এ সময় কোন বাধা দেন নি। তারাও তাদের অব্স্থান থেকে জিনিসপত্র গুছিয়ে চলে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার হংকংয়ের সরকারি অফিসগুলোকে অবরোধ করে অবস্থান করা বিক্ষোভকারীদের অব্স্থানে ব্যারিকেড সরানোর এ অভিযান চালায় সরকারি প্রশাসনিক কর্মকর্তা ও আইন বিষয়ক কর্মকর্তারা। এ সময় তাদের সহযোগিতা করেন পুলিশ কর্মকর্তারা।

হংকংয়ের অ্যাডমিরাল এলাকার সিটিক টাওয়ারে সামনে অব্স্থানরত বিক্ষোভকারীদের ক্যাম্প সরিয়ে দেয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা জানান, তারা কোন বাধা দেবেন না। এরপর তারা তল্পিতল্পা গুছিয়ে চলে যান।

এ ছাড়া মং কুক এলাকা থেকেও বিক্ষোভকারীদের ব্যারিকেড সরিয়ে দেয়ার আদেশ দিয়েছে হংকংয়ের আদালত। তবে, কজওয়ে বে এলাকার ব্যারিকেডের ব্যাপারে কোন আদেশ দেয় নি আদালত।

উল্লেখ্য, ২০১৭ সালের প্রশাসক নির্বাচন পদ্ধতি নিয়ে অক্টোবরের শুরুর দিক থেকে বিক্ষোভে ফেটে পড়েন হংকংয়ের গণতন্ত্রকামী জনতা। চীনের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, ২০১৭ সালের প্রশাসক নির্বাচনে চীনের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরাই কেবল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কিন্তু চীনের কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নেমে আসেন গণতন্ত্রকামী জনতা। তখন থেকেই তারা হংকংয়ের রাজপথে অবস্থান নেন।

এমএ