ফিলিপাইনের মিন্দানাও প্রদেশে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে।

আহত হয়েছে ৬০জন। মৃতের সংখ্যা বৃদ্ধিও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তার জানিয়েছেন।

বুধবারের ভূমিকম্পের পর দেশটিতে আরও অন্তত দুইশ’টি আফটারশক অনুভূত হয়েছে।

কোটাবাটো শহরের মেয়র রুয়েল লিমবুনগান বলেছেন, দাটু পাগলাস টাউনে একটি বাড়ি ধসে পড়লে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী টুলুনান টাউনে দুটি বাড়ি ধসে পড়ার ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

নিউজ শো উনাং বালিটা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল কোবাটোর মাকিলালা টাউনে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে এবং আরও ১৭ জন আহত হয়েছে। পরে আহতদের মাকিলালা মেডিকেল স্পেশালিস্ট সেন্টারের নিয়ে যাওয়া হয়।

কোটাবাটোর কিদাপাওয়ান শহরের দুর্যোগ অফিসের প্রধান সালমার বার্নাল্ট স্থানীয় একটি রেডিওকে বলেন, সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মূল ভূমিকম্পটি আঘাত হানার পর আরও ২০০ বারের বেশি কম্পন অনভূত হয়েছে।

বার্নাল্টের বরাত দিয়েছে দ্য ফিলিপাইন ডেইলি ইনকুইরার জানিয়েছে, ভূমিকম্পের পর একজন গর্ভবতী নারীর গর্ভপাত হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিভিন্ন ভবনের কাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে বলে জানান তিনি।

এদিকে ওই ভূমিকম্পের পর জেনারেল সান্টোস সিটির তিনতলা গাইসানো শপিংমলে আগুন ধরে যায়। পরে ভবনটি থেকে সব ক্রেতা-বিক্রেতাকে বের করে আনা হয়।

এসময় ভবনটির টুকরোর আঘাতে একজন বয়স্ক নারী আহত হন এবং পরে তাকে চিকিৎসা দেয়া হয়।

এএস