বাংলাদেশের রাজনৈতিক সমস্যা নিজেদের মধ্যেই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার।

রোববার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপের বিষয়ে জাতিসংঘ হস্তক্ষেপ করবে কি না-এমন প্রশ্নে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশের রাজনৈতিক সমস্যা দুটি রাজনৈতিক দলের নেতাদের বসেই সমাধান করতে হবে। জাতিসংঘ এ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

বিএনপির দাবির প্রেক্ষিতে নির্বাচন কি খুব শিগগিরই হওয়া উচিত- এ প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি কোনো মন্তব্য করেননি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব পরিষ্কারভাবে অবস্থানের কথা জানিয়েছেন।

গত নির্বাচনের আগে জাতিসংঘের কী ভূমিকা ছিল- জানতে চাইলে ওয়াকার বলেন, আমরা সরকার, সিভিল সোসাইটি, পার্টনার অর্গানাইজেশনগুলোর সঙ্গে কথা বলেছি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর সাজার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওয়াকার বলেন, জাতিসংঘ মৃত্যুদণ্ড সমর্থন করে না। তবে মানবাধিকার লঙ্ঘনের বিচার চায়।

পাশাপাশি ট্রাইব্যুনালে যেন আপিলের সুযোগ থাকে- সেটাও চায় জাতিসংঘ, যোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে জাতিসংঘের এই আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি নিয়ে কথা বলেন।

বাংলাদেশের ভবিষৎ নিয়ে কথা বলতে গিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, এদেশের তরুণ দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে পারলে তারা আর‌ও অনেক দূর এগিয়ে যাবে।

ডিক্যাবের সভাপতি মাইনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ