স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিট। নয়াদিল্লীতে ভারতীয় বিমানবাহিনীর পালাম স্টেশনে অবতরণ করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট।
সেখানে প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এসে চমকে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুই নেতার কুশল বিনিময়ের পর নির্দিষ্ট গাড়িতে চড়েন শেখ হাসিনা।
তবে এরপরও স্টেশনে আরও কিছুক্ষণ অবস্থান করেন মোদি। তিনি বাংলাদেশী কর্মকর্তাদের অভ্যর্থনা জানান।
এদিকে মোদিকে পেয়ে বাংলাদেশী কর্মকর্তারাও সুযোগ লুফে নিতে ভুল করেননি। সবাই তার সঙ্গে ঝটপট একের পর এক সেলফি তুলে নেন।
ভারতের সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআইএ) ছবিতে মোদিকে ঘিরে বাংলাদেশী কর্মকর্তাদের সেলফি তোলার দৃশ্য দেখা গেছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যম টুইটারে পরপর দুটি টুইট করে নিজের উচ্ছ্বাসের কথা জানান নরেন্দ্র মোদি।
প্রথম টুইটে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।
পরের টুইটে মোদি লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি আমাদের উভয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পবদ্ধ।
উল্লেখ্য, শুক্রবার চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জারিফ





