স্থানীয় সময় বুধবার ওই ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলন উপলক্ষে তাদের হাসাপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হয় বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়। 

এ সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই প্রথমবারের মতো বিষয়টি নিয়ে জনসম্মুখে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন ১২ কিশোর ও তাদের কোচ। গত ২৩ জুন ১২ সদস্যের ওই কিশোর ফুটবল দল এবং তাদের ২৫ বছর বয়সী কোচ থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াং রাইয়ের 'থাম লুয়াং' গুহায় প্রবেশ করেন। 

প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক পাহাড়ি ঢলে গুহার ভেতর পানি ঢুকে পড়লে দলটি সেখানে আটকা পড়ে। ১০ দিন পর ডুবুরিরা গুহায় তাদের সন্ধান পান।

এরপর এক পর্যায়ে ১২ কিশোর ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু করে থাই কর্তৃপক্ষ। আটকে পড়া কিশোরদের কাছে অক্সিজেন সরবরাহ করে ফেরার পথে অক্সিজেন ঘাটতির কারণে এক ডুবুরির মৃত্যুও হয়।

গত ১০ জুলাই তৃতীয় দফায় অভিযান চালিয়ে সর্বশেষ চার কিশোর ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনা হয়। এর মধ্য দিয়ে চরম ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে। গুহা থেকে উদ্ধারের পর কিশোরদের ভর্তি করা হয় হাসপাতালে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, সংবাদ সম্মেলনকে সামনে রেখে চিয়াং রাই প্রদেশের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফুটবল দলটিকে খেলোয়াড়ের পোশাক পরে প্রস্তুতি নিতে দেখা গেছে। এরই মধ্যে হাসপাতালের সামনে কয়েকটি বাসও রাখা হয়েছে তাদের জন্য।

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বেও তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গুহার অভিযান সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরই ফুটবল দলের সদস্যরা বুধবারই বাড়ি পৌঁছাবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এমআর