আজারবাইজানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আর্মেনিয়ার চার সেনা নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মধ্যস্থতায় ২০২১ সালে প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও সীমান্তে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে দুই দেশের আগদাম সীমান্তে গুলির ঘটনা ঘটে। এতে আর্মেনিয়ার চার সেনা নিহত ও আজারবাইজানের এক সেনা আহত হয়।

এমন সময় এই সংঘর্ষের ঘটনা ঘটল যখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে রয়েছেন। ওয়াশিংটনের মধ্যস্থতায় সেখানে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা।

এর আগে গত ডিসেম্বরে লাচিন করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। এর ফলে এক লাখ মানুষ খাদ্য ও ওষুধসহ নিত্য প্রয়োজনীয় জিনিস ও চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। ফলে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দুই দেশের সীমান্তে অশান্তি বিরাজ করছে।

এবিএস