ঈদের ছুটি কাটাতে যাওয়ার সময় ট্রাফিক জ্যামে আটকে পড়ে ইন্দোনেশিয়ায় ১২ জনের মৃত্যু ঘটেছে।
জাভা দ্বীপের একটি মহাসড়কে বিশ কিলোমিটার দীর্ঘ এই ট্রাফিক জ্যামে কয়েক লক্ষ মানুষ আটকে ছিলেন অনেক লম্বা সময় ধরে।
রমজানের শেষে ঈদের ছুটি কাটাতে ইন্দোনেশিয়ার বড় বড় শহরগুলো থেকে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার পর দীর্ঘ ট্রাফিক জ্যাম তৈরি হয়।
তবে জাভা দ্বীপের ব্রেবেসের ট্রাফিক জ্যাম ছিল সবচেয়ে ভয়াবহ। সেখানে ঈদের তিন দিন আগে থেকেই রাস্তায় জট লেগে যায়।
একজন কর্মকর্তা জানিয়েছেন, যে ১২ জন ট্রাফিক জ্যামে আটকে পড়ে মারা গেছেন, তাদের বেশিরভাগই বয়স্ক মানুষ। প্রচন্ড গরমে পানিশূন্যতা এবং অন্যান্য স্বাস্থ্যগত জটিলতায় তারা মারা যান।
আটকে পড়া অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ যান জটের ছবি পোস্ট করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
সূত্র: বিবিসি
এমআইএস





