কথায় কথায় আর ধর্মঘট ডাকতে পারবেন না চিকিৎসকরা। এমন নির্দেশই দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের এ রায়কে ঐতিহাসিক উল্লেখ করেছে দেশটির জনগণ।
চিকিৎসকদের ধর্মঘটের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার রায়ে সুপ্রিম কোর্টের বিচারক এইচএল দাত্তু, বিচারক এমবি লকুর এবং বিচারক একে সিক্রির বেঞ্চ এ রায় দেয়।
রায়ে বলা হয়, কোনো কিছুর জন্য ধর্মঘটের যেতে পারেন না চিকিৎসকরা। কারণ তাদের ধর্মঘটের জন্য সমস্যায় পড়েন নির্দোষ রোগীরাই।
সরকার অথবা বেসরকারি কর্তৃপক্ষের কাছ থেকে সংশ্লিষ্ট কোনো দাবি আদায়ের জন্য বিভিন্ন সময়ে ধর্মঘটে যেতে দেখা যায় চিকিৎসকদের।
আর এ মামলাটির বাদী নিজেও একজন চিকিৎসক। তার নাম কুণাল সাহা। তার একটি সংগঠনের নাম পিপল ফর বেটার ট্রিটমেন্ট।
রায় শেষে এ চিকিৎসক বলেন, ‘আশা করছি সুপ্রিম কোর্টের এই রায় চিকিৎসকদের প্রতি সঠিক বার্তা দিল। এই রায়ের ফলে রোগীদের সমস্যায় ফেলে কোনো হাসপাতালের চিকিৎসকরা আর ধর্মঘটের পথে যেতে পারবেন না।’
বাদীর আইনজীবী রবীন মজুমদার বলেন, ‘সুপ্রিম কোর্টের এই রায়ে জানিয়ে দেয়া হয়েছে, আর ধর্মঘটের পথে যেতে পারবেন না চিকিৎসকরা।’
ইআর





