স্পেনের বার্সেলোনা শহরের ব্যস্ততম পর্যটন এলাকায় কাভার্ডভ্যান উঠিয়ে দিয়ে হামলা চালানোর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস)।
নিজেদের বার্তা সংস্থা আমাকে এই দায় স্বীকার করে জঙ্গি সংগঠনটি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বার্সেলোনার লাস র্যাম্বলাস এলাকায় জনতার ওপর সাদা ভ্যান তুলে দেয় এক সন্ত্রাসী। এতে কমপক্ষে ১৩ জন নিহত ও ১০০ জন আহত হন।
স্পেনের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন ওই ভ্যানচালককে এখনো খুঁজছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো শহর ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।
হামলার বিষয়ে আমাকে দেওয়া আইএসের বিবৃতিতে বলা হয়, “বার্সেলোনা হামলার হত্যাকারীরা আইএসের সেনা।”
আমাক আরও জানায়, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী অভিযানে স্পেন যোগ দেওয়ার বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে।
গত বছর ইউরোপের কয়েকটি স্থানে এ ধরনের হামলার দায় স্বীকার করে আইএস।
বৃহস্পতিবারের সহিংসতাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে স্পেনের পুলিশ।
দেশটির সংবাদপত্র এল পেইসের খবরে বলা হয়, হামলার পর দ্রুত হেঁটে ঘটনাস্থল ছাড়ে গাড়িচালক। তবে এ হামলার পেছনে আসলে কতজন ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমবি





