আফগানিস্তানে সকল জাতিগত গোষ্ঠীর সমন্বয়ে সরকার গঠনের জন্য তালেবানের সাথে সংলাপ শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাজিকিস্তানের রাজধানী দুশানুবেতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ২০তম কাউন্সিল অব হেড অব স্টেট বৈঠক শেষে শনিবার এক টুইট বার্তায় এই তথ্য জানান তিনি।
টুইট বার্তায় ইমরান খান বলেন, 'দুশানুবেতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর নেতাদের সাথে বৈঠকের এবং বিশেষ করে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের সাথে দীর্ঘ আলোচনার পর আমি তালেবানের সাথে সংলাপ শুরু করেছি যাতে তাজিক, হাজারা ও উজবেকদের সমন্বয়ে এক সমন্বিত আফগান সরকার গঠন সম্ভব হয়।'
তিনি আরো বলেন, '৪০ বছরের সংঘর্ষের পর সকলের অন্তর্ভুক্তি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান নিশ্চিত করবে। যা শুধু আফগানিস্তানের জন্যই নয় এই অঞ্চলের সকলের স্বার্থ।'
৬ আগস্ট তালেবান নিয়ন্ত্রণের বাইরে থাকা বিরোধীদের ঘাটিঁ পাঞ্জশির প্রদেশের নিয়ন্ত্রণ নেয় তারা। ৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয় দলটি।
কাবুল প্রবেশের পর তালেবান জানিয়েছিলো, তারা আফগানিস্তানে সকলের সমন্বয়ে সরকার গঠন করবে। সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
এবিএস





