গ্রীসকে দেয়া আন্তর্জাতিক ঋণ সহায়তা তহবিলের মেয়াদ আরও চার মাস বাড়াতে সম্মত হয়েছেন ইউরোজোনের অর্থমন্ত্রী। তবে এর সাথে কিছু শর্তও বেঁধে দেয়া হয়েছে।

নতুন করে অর্থ সহায়তা না পেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রীস দেউলিয়া হয়ে পড়বে বলে আশংকা করা হচ্ছিল।

সময় বৃদ্ধির এই সুবিধা পেতে গ্রীস পুনর্গঠনের একটি তালিকা আগামী সোমবারের মধ্যে অর্থ দাতাদের কাছে পৌঁছে দেবে বলে রাজি হয়েছে গ্রীস।

ঋণ প্যাকেজের সময়সীমা বাড়ানোর অনুরোধকে ইউরোপীয় কমিশন ইতিবাচক বলে উল্লেখ করার খানিক পরই জার্মানি তা নাকচ করে। এর পর গ্রীসের সংকট নিরসনে বেলজিয়ামের ব্রাসেলসে বসা বৈঠকের পর অনেক কূটনৈতিক তৎপরতা শেষে চার মাস সময় বাড়ানোর সিদ্ধান্তটি এলো।

ইতালির প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কমিশনের সভাপতি গ্রীসের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বলে জানা গেছে।

অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য নানা বিষয়ে বৃহস্পতিবারে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে গ্রীসের প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস প্রায় ৫০ মিনিট ধরে আলাপ করেছেনও বলে জানা গেছে।

গ্রীসের বাজেটে ক্ষতিকর প্রভাব পড়বে এমন কোনও সিদ্ধান্ত না নিতে গ্রীস অনুরোধ করেছিল বলে জানিয়েছেন ইউরো গ্রুপের প্রেসিডেন্ট এরোন ডাইসেলব্লোম।

ডাইসেলব্লোম শুক্রবার রাতে একটি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন। ডাইসেলব্লোম বলেছেন, মেয়াদ বাড়ানোর যে সিদ্ধান্তটি এসেছে সেটি একটি ইতিবাচক সিদ্ধান্ত।

গ্রীসকে দেয়া আন্তর্জাতিক ঋণ তহবিল নিয়ে আরও এক দফা আলোচনা করতে ব্রাসেলসে আবারও বসেছেন ইউরো জোনের অর্থমন্ত্রীরা।

কিন্তু এই বৈঠক যে খুব সহজ হবে না সে কথা সাংবাদিকদেরকে নিজেই বলেছেন এরোন ডাইসেলব্লোম।

গ্রীসে পুনর্গঠনের জন্য যে তালিকা চেয়েছে ইউরো গ্রুপ, সোমবারের মধ্যে সেই তালিকা প্রস্তুত করতে দিন-রাত নিরলস কাজ করার ঘোষণা দিয়েছেন গ্রীসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস।

গ্রীসের অর্থ সংকট সমাধানে আন্তর্জাতিক যে সহায়তা গ্রীসকে দেয়া হয়েছিল সেটির সময় ছয় মাস বাড়ানোর জন্য চেষ্টা করছিল এথেন্স।

প্রধানমন্ত্রী সিপ্রাস দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাপক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জিতে কেবল ক্ষমতায় এসেছেন।

সাবেক সরকারের রাষ্ট্রীয় ব্যয় সংকোচন বা সাশ্রয়ের নীতিমালার বিপক্ষে অবস্থান নিয়ে নতুন কোন চাকরি ছাঁটাই নয় এমন অনেক প্রতিশ্রতি দিয়েছেন তিনি।