গ্রীসে রোববারের গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।

টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি তার সমালোকচদের কড়া ভাষায় আক্রমণ করেন এবং কোনো হুমকিতে ভয় না পেতে নাগরিকদের আহ্বান জানান।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের নেতারা হুশিয়ারি দেন যে গ্রীসের জনগণ যদি ‘না’ ভোট দেবার মাধ্যমে ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে গ্রীসকে ইউরো থেকে বের করে দেয়া হবে।

গ্রীসের জনগণ ঋণদাতাদের কৃচ্ছতাসাধণের পক্ষ নেবে নাকি প্রত্যাখ্যান করবে তা নিয়ে ইউরোপ জুড়ে তুলকালাম চলছে।

আইএমএফের পাওনা টাকার কিস্তি পরিশোধের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে আজই। এটা স্পষ্ট যে এই টাকা পরিশোধের মতো অবস্থায় গ্রীস নেই।

ফলে একটি বিকল্প উপায় নিয়ে ভাবছিলেন ইউরো জোনের নেতারা, কিন্তু সেই প্রস্তাব পাশ হবার আগেই গ্রীক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস এক গণভোটের ঘোষণা দিয়ে বলেছেন গ্রীস এই প্রস্তাবের পক্ষ নেবে নাকি বিপক্ষে যাবে তা ঠিক করবে দেশটির জনগণ।

রোববার অনুষ্ঠিত হবে এই গণভোট। এদিকে এই গণভোট প্রশ্নে শক্ত অবস্থানে চলে গেছেন ইউরোপের নেতারা।

একদিকে যেমন ঋণদাতাদের প্রস্তাব না মেনে গণভোট আয়োজনের সমালোচনা করছেন তারা, তেমনি এও বলা হচ্ছে যে গ্রীস ইউরো জোনে থাকতে চাইছে নাকি বেরিয়ে যেতে চাইছে সেটাও বলে দেবে এই গণভোটের ফল। সূত্র: বিবিসি বাংলা

ইআর