ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের বেসরকারি ফলাফলে বিরোধী দলের মর্যাদাও হারাল কংগ্রেস। ফলাফল পরবর্তী বিশ্লেষণে এ তথ্য বেরিয়ে এসেছে। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ৩৩৭টি। বিজেপি একাই পেয়েছে ২৮৩টি আসন। তাদের শরীকদের মধ্যে দেলেগু দেশাম পার্টি (টিডিপি) ১৬, শিবসেনা (এসএইচএস) ১৯ ও শিরোমনি আকালি দল (এসএডি) ৪টি আসনে বিজয়ী হয়েছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ৫৯টিতে বিজয়ী হয়েছে। কংগ্রেস এককভাবে পেয়েছে ৪৪টি আসন। তাদের জোটের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসসিপি) ৪, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ৪ ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) ২, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ২ এবং কেইসিএম ১টি আসনে জয়লাভ করেছে। এতে দেখা যায় কংগ্রেস বিরোধীদলের মর্যাদাও হারিয়েছে। নিয়ম অনুযায়ী লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে হলে মোট আসনের (৫৪৩) দশ শতাংশ অর্থাৎ ৫৫টি আসন পেতে হয়। কিন্তু কংগ্রেস এককভাবে জিতেছে মাত্র ৪৪টি আসনে। তাই তারা পার্লামেন্টের নিম্নকক্ষে প্রধান বিরোধী দলের স্বীকৃতি পাচ্ছে না। তবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) বিরোধী দলের মর্যাদা পাবে। ১৯৯৯ সালে লোকসভায় কংগ্রেসের সর্বনিম্ন আসন ছিল ১১৪টি। এবার তা কমে ৪৪টিতে ঠেকল। ভারতের রাজনীতিতে যা এতদিন ছিল অকল্পনীয়। [b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ  [/b]