ইরাকের বাগদাদ বিমানবন্দরে উপর্যুপরি রকেট হামলায় ইরানি রেভল্যুশনারি গার্ডসের অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিসহ অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জেনারেল সোলেইমানি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

আজ শুক্রবার ভোরে উপর্যুপরি তিনটি রকেট হামলা হয়। এতে ইরাকি আধাসামরিক বাহিনীর পাঁচজন এবং দুজন বিদেশি রয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। হামলায় দুটি গাড়ি ধ্বংস হয়ে গেছে।

তবে এখনো হামলার দায় স্বীকার করেনি কেউ। হতাহতের সংখ্যাও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা কি না, তাও নিশ্চিত করেনি কেউ।

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ও মার্কিন সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের কয়েকদিনের মাথায় এ হামলার ঘটনা ঘটলো। সিরিয়া ও ইরাকে মার্কিন বিমান হামলায় ২৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহতের পর তাদের জানাজায় অংশ নিয়ে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধ ইরাকিরা।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ওই সংঘর্ষ ও হামলার ঘটনায় ইরানকে দায়ী করে বলেন, এ অঞ্চলে মার্কিন সেনা ও কর্মকর্তাদের ওপর হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না।

এক বিবৃতিতে মার্ক এসপার আরো বলেন, ‘আমাদের ওপর হামলা হলে আমরা ঠিক সময়, জায়গামতো জবাব দেব। আমরা ইরানকে এসব অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

এমআর