ইরাকে শক্তিশালী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

দিয়ালা প্রদেশে সোমবার আইএসের জোড়া বোমা হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়। আহত হয় আরও শতাধিক। খবর রয়টার্সের।

চলতি বছরের জানুয়ারিতে ইরাকি কর্মকর্তারা দিয়ালাকে আইএসমুক্ত বলে ঘোষণা করেছিলেন। ইরানের সীমান্তবর্তী প্রদেশটি নিরাপত্তাবাহিনীকে সহযোগিতা করেছিল স্থানীয় শিয়া যোদ্ধারা।

আইএসমুক্ত বলে ঘোষণা দিলেও জিহাদিরা অবশ্য ভেতরে ভেতরে সংঘবদ্ধ ও সক্রিয়ই ছিল। যার স্বাক্ষর তারা সোমবারের হামলায় রাখল।

প্রাদেশিক রাজধানী বাকুবা থেকে মাত্র চার কিলোমিটার দূরে হুয়াইদারে একটি মার্কেটে বোমা হামলা করে আইএস। পুলিশ জানিয়েছে, এতে অন্তত ৫১ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন।

বাকুবার পূর্বাঞ্চলে অপর এক বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত সাতজন। আহত হয়েছে আরও ২৫ জন।

হামলার দায় স্বীকার করে আইএস বলেছে, ‘প্রত্যাখানকারী’রাই ছিল হামলার লক্ষ্য। প্রত্যাখানকারী বলতে শিয়াদের বোঝাতে চেয়েছে আইএস।

মাত্র এক মাস আগে দিয়ালার খান বানি সাদ এলাকায় আইএসের বোমা হামলায় অন্তত একশ জন নিহত হয়েছিলেন।

এএইচ