ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির পরমাণু বিষয়ক চুক্তির বিষয় আশ্বস্ত করতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সোমবার সকালে গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)'র পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে কাতারের আমীরের সঙ্গে সাক্ষাৎ করেন কেরি।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়্যাহকে সঙ্গে নিয়ে কেরি এদিন সংবাদ সম্মেলন করবেন বলে ধারণা করা হচ্ছে।
কেরির আগমনকে সামনে রেখে রোববার দোহায় একটি প্রস্তুতিমূলক বৈঠকে বসেছিলেন জিসিসি'র পররাষ্ট্রমন্ত্রীরা।
গত মাসে ভিয়েনায় ইরানের সঙ্গে চুক্তি সম্পাদিত হওয়াকে স্বাগত জানিয়েছিল উগসাগরীয় আরব দেশগুলো। তবে কোনো কোনো দেশ ব্যক্তিগত মতামতও প্রকাশ করেছিল।
আল জাজিরারর প্রতিনিধি দোহা থেকে জানিয়েছিলেন যে জিসিসি কর্মকর্তারা ইরানের চুক্তি নিয়ে তাদের উদ্বিগ্নের কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, "এটা উপসাগরীয় দেশগুলোর জন্য এক সুক্ষ্ম মুহুর্ত। তারা খুবই উদ্বিগ্ন যে ইরান অবশেষে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারল, অবরোধ তুলে ফেলল এবং এই অঞ্চলে সক্রিয় প্রভাব বজায় রাখল"।
ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সিরিয়ার আসাদ সরকারের প্রতি ইরানের চলমান সমর্থন নিয়েও তারা চিন্তিত।
ইরাক ও সিরিয়ায় আইএসআইএল-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ও কেরির বৈঠকে আলোচনা হতে পারে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার রাতে দোহা পৌঁছেছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও কেরির সঙ্গে ত্রি-পক্ষীয় আলোচনায় বসতে তিনি এ সফর করেছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ায় শান্তি ফিরিয়ে আনতে, আইএসএল-এর বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতিকরণ, উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা এবং রাশিয়া ও কাতারের সঙ্গে দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নত করতে ল্যাভরভ সফরে গেছেন।
জেডআই





