পাকিস্তানে ২০০৪ সাল থেকে চালানো মার্কিন ড্রোন হামলায় অন্তত ২,৪০০ ব্যক্তি নিহত হয়েছে এদের মধ্যে মাত্র ৮৪ জন সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সদস্য। ব্রিটেনভিত্তিক ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, ২০০৪ সালে ড্রোন হামলা শুরুর পর চলতি মাসের ১১ তারিখে ৪০০তম ড্রোন হামলা চালানো হয় পাকিস্তানে। প্রায় এক দশকব্যাপী এ জাতীয় হামলায় নিহত হয়েছে ২৩৭৯ ব্যক্তি। ড্রোন হামলায় নিহত হতভাগ্যদের মধ্যে মাত্র ৭০৪ ব্যক্তিকে শনাক্ত করা গেছে। এদের মধ্যে মাত্র ২৯৫ জন কোন ধরণের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। ড্রোন হামলায় নিহতদের চার শতাংশ বা ৮৪ জন আল-কায়েদার সদস্য বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ২০১৩ সালে মে মাসে দেয়া বক্তব্যে দাবি করেছিলেন, যাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় তারা উচ্চ পর্যায়ের সন্ত্রাস। সন্ত্রাসী বলে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালান হয় না বলেও দাবি করেছিলেন কেরি। কিন্তু এ অনুসন্ধানী প্রতিবেদন তার বক্তব্যকে অসার প্রমাণ করেছে।

এসএমএ