মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের সম্ভাব্য ধ্বংসাবশেষ উদ্ধারের আশায় শনিবার অনুসন্ধানকারীরা ভারত মহাসাগরের একটি নতুন এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।
তবে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় উপায়-উপকরণ থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, অনুসন্ধানকারী টিম দূরত্বসহ এক বিরাট কাজের সম্মুখীন।
টনি অ্যাবট শনিবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের এই কাজের সমস্যাকে খাটো করে দেখা উচিত হবে না। এটি একটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা।’
তিনি বলেন, ‘আমরা এক বিশাল সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষের ছোট টুকরো-টাকরা খোঁজার চেষ্টা করছি। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাচ্ছি, কাজ চলছে।
নতুন এলাকায় অনুসন্ধান শুরু হবার পর শুক্রবার বহুজাতিক অনুসন্ধান অভিযানের সঙ্গে সম্পৃক্ত বিমানগুলো সমুদ্রে ‘বেশকিছু বস্তু’ ভাসমান দেখতে পায়।
কর্তৃপক্ষ বলেছে, দেখা যাওয়া বস্তুগুলো এমএইচ৩৭০-এর ভগ্নাংশ কিনা তা বাস্তবে পরীক্ষা করে না দেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না। চীন ও অস্ট্রেলিয়ার জাহাজগুলোকে বস্তুগুলো উদ্ধারের দায়িত্ব দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (আমসা) বলেছে, হাইশুন০১ নামের একটি চীনা জাহাজ শনিবার ভোর থেকে বস্তুগুলোর অবস্থান পুনরায় নির্ধারণের চেষ্টা শুরু করেছে। দিনের মধ্যে গোটা দুয়েক জাহাজ এই কাজে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ বলেছে, শনিবার আবহাওয়া ভালো রয়েছে, তবে দিনের শেষ নাগাদ পরিস্থিতির অবনতি হতে পারে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]