হিমাচল প্রদেশের চাম্বায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম জানায়, একটি ব্যক্তিগত গাড়ি চাম্বা থেকে হিমগিরি যাওয়ার পথে তিনশ ফিট নিচে খাদে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, নিহতদের মধ্যে ১২ জন ঘটনাস্থলেই ও ২ জন নিকটবর্তী কিহার হাসপাতালে নেয়ার পথে মারা যান।
বিকেল ৪টায় দুর্ঘটনা ঘটলেও শহর থেকে দুর্ঘটনাস্থল দূরে হওয়ায় কর্তৃপক্ষের কাছে দেরিতে খবর পৌঁছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে।
দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও, চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সূত্র: জিনিউজ।
কেএইচ





