ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহ শহর ছেড়ে যাওয়ার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর নির্দেশ অমান্য করে জনগণের সেবা করছেন একজন স্থানীয় এমপি।
খালিদা জারার নামে ওই এমপি ইসরাইলের সাম্প্রতিক বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে রামাল্লাহ শহরে অব্যাহত প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি জানান, ইসরাইলি সেনাবাহিনীর এ নির্দেশ মেনে তিনি শহর ছেড়ে চলে যাবেন না।
খালিদা জারার বলেন, “একজন নির্বাচিত এমপি হিসেবে আমার জনগণের সঙ্গে থাকা এবং তাদের সেবা করা আমার অধিকার। সে কারণে আমি ঘোষণা করছি যে, আমি জেরিকো শহরে যাব না এবং ইসরাইলি সেনাবাহিনীর নির্দেশ মানব না। আমি এখানেই থাকব এবং জনগণের সেবা করব।”
ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলি দখলদারিত্বের অবসানের আহবান জানিয়ে তিনি বলেন, আমার বাড়ি থেকে অন্য শহরে চলে যাওয়ার নির্দেশ দেয়া অবৈধ এবং আন্তর্জাতিক মানবাধিকারের পরিপন্থি।
এর আগে ইসরাইলের সেনাবাহিনী ফিলিস্তিনের এই এমপি-কে রামাল্লাহ শহর ছেড়ে জেরিকো শহরে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে, এরইমধ্যে তার পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে উঠতে শুরু করেছে। ইসরাইলের কারাগারে ফিলিস্তিনের অন্তত ৩৬ জন এমপি প্রশাসনিক আদেশে বন্দি রয়েছেন।
ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





