শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে বোমা ও বন্দুক হামলায় ১৬০ জন নিহতের ঘটনায় পুরো ইউরোপে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। এখনো পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার না করলেও তদন্ত কর্মকর্তারা আইএসসহ সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে মাথায় রেখেই তদন্ত করছেন।
ফ্রান্সের ন্যাশনাল কাউন্টার টেররিজমের সাবেক পরিচালক মাইকেল লিটার জানিয়েছেন, তদন্ত কর্মকর্তারা হামলার টুকরা টুকরা ক্লুগুলো একত্রিত করছেন।
এ কাজটি করতে কিছুটা সময় লাগবে। তাই আল-কায়েদা কিংবা আইএসএস অথবা অন্য কেউ জড়িত রয়েছে কি না তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা মুশকিল। তবে এটা প্রায় নিশ্চিত যে, কোনো সুন্নি চরমপন্থি এ ঘটনার পেছনে রয়েছে।
তিনি বলেন, ‘ এ ধরনের ভয়াবহ ঘটনা ২০০৮ সালে মুম্বাই হামলার পর শহর এলাকায় আমরা আর দেখিনি।’
এদিকে হামলার পরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ‘ কারা এসব হামলার পেছনে রয়েছে আমরা তাদের চিনি।’ তবে তিনি হামলাকারীদের নাম ও পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
প্রসঙ্গত, শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসসহ এর আশপাশের ছয় স্থানে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরো শতাধিক। হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
এসএইচ





